মো:হেলাল মিয়া, বেরোবি প্রতিনিধি: বারবার আল্টিমেটাম দেওয়া হলেও সাড়া না পাওয়ায় রংপুরের মডার্ন মোড় অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য পদ থেকে পদত্যাগ করার ফলে উক্ত পদ ফাঁকা থেকে যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে একের পর এক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলেও এখনো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান শুরু হয়েছিল রংপুর থেকে, আর সেই অভ্যুত্থানের মূল নায়ক ছিলেন শহীদ আবু সাঈদ। ভিসি নিয়োগ না দেওয়ায় শহীদ আবু সাঈদ হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলেও তারা দাবি করেন। তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ভিসি নিয়োগ দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। ভিসি নিয়োগ দ্রুত না হলে তারা 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করবেন। এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, ভিসি নিয়োগ না দেওয়ায় সেশনজট তৈরি হচ্ছে এবং আবু সাঈদের খুনিদের বিচারের আওতায় নিয়ে আসতে বিলম্ব হচ্ছে। এ সময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে রংপুর মডার্ন মোড় অবরোধ করে এবং শহীদ আবু সাঈদ গেটে এসে মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।
0 coment rios: